ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে রাখা অজ্ঞাত এক ব্যক্তির ছয় খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি মধুখালী থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে কার্টন খুলে এক ব্যক্তির ছয় খণ্ড মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে কার্টনে রাখা অজ্ঞাত ব্যক্তির ছয় খণ্ড মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।’
তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’