হাওরাঞ্চলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মিজানুর রহমান (৫৬)। কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরো ৪ আইনজীবী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাটশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকালে গাজীপুর থেকে নয়জন আইনজীবীর একটি দল হাওরাঞ্চলে বেড়াতে যান। দিনভর ঘোরাঘুরি শেষে বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে ফেরার সময় তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশায় থাকা কয়েকজন আইনজীবী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান গাজীপুর মেট্রো সদর থানার দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি গাজীপুর জেলা জজ আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুর্ঘটনায় আহত অন্য আইনজীবীদের মধ্যে আছেন গাজীপুর জেলা জজ আদালতের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন কাজল, আইনজীবী ইকবাল হোসেন ও মহসিন রেজা সরকারসহ আরেকজন। তাদের মধ্যে মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।