সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

ফরিদপুরের সালথায় ট্রাকের ধাক্কায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকচালক আহত হয়েছেন।

নিহত হাফসা নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার মেয়ে এবং সালথার মিনহাজদিয়া এলাকার মঞ্জুর মোল্যার নাতনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মামার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে হাফসা। রোববার বিকেলে মা চামেলি বেগমের সঙ্গে ইজিবাইকে করে বাড়ি ফেরার সময় কাগদী বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে শিশুসহ তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন। আহত তার মা ও ইজিবাইকচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।