গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পাথরের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করতে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করা হলেও তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় মাদক কারবারিরা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশের দিকে বৃষ্টির মতো ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। সেই সুযোগে তারা আসামিকে ছিনিয়ে নেয়।
ওসি আরও বলেন, আসামি রাহুল ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।