সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

মানিকগঞ্জের বরংগাইলে সেলফি পরিবহনের বেপরোয়া গতি ও দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পরিবহনটির রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বিক্ষোভকারীদের হাতে ‘সেলফি পরিবহন বয়কট’, ‘আর কোনো দুর্ঘটনা নয়, সেলফি পরিবহন বন্ধ চাই’ এবং ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পরিবহনটির রুট পারমিট বাতিলের দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, ঘিওর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আহমেদ সবুজ, বরংগাইল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শফিক এবং স্থানীয় বিএনপি নেতা গোলাম রাব্বানি ও মাহবুব রহমানসহ অনেকে।