আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ২০ জনের মধ্যে একটি মামলার আসামি ১২ জন। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ছয়জন এবং নিয়মিত মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর ভোরে উপজেলার বারিষাব ইউনিয়নের পূর্ব লোহাদী এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে কাপাসিয়া থানায় মামলা করা হয়।

মামলার পর ১৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জুয়েল রানাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, জুয়েল রানা কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। একই অভিযানে ওই মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তরগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান (৫১), জহিরুল ইসলাম (২৯), মোস্তাকিম (৩৭), সুমন (২৬), শ্রাবন (১৯), যোবায়ের (১৯), হৃদয় খান (২০), মুন্না হোসেন (১৯), সানী (২২), নিয়ান খান অমি (১৭) ও সুমন (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় মামলা নম্বর ১৮ এবং জিআর নম্বর ২৮৫ করা হয়। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর বাইরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ছয়জন এবং নিয়মিত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ২০ জনকেই আদালতে পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।