ভোটের অধিকার ও গণতন্ত্র নষ্টের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে। এই অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করতে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্র ধ্বংস এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সেই অপতৎপরতা মোকাবিলা করা হয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারা দেশে ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, বাসে আগুন দেওয়া কিংবা বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা যাবে না। বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা মোকাবিলা করবেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। যারা অপরাধ করেছেন, তাদের এখনই আইনের আওতায় আসতে হবে। তিনি বলেন, জনগণ এসব ঘটনার বিচার করবে এবং যারা দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।

সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।