ফরিদপুরে লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজ ও গ্রেনেড উদ্ধার

ফরিদপুরের সদর উপজেলায় একটি পরিত্যক্ত ভবন থেকে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

​এসআরবি-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কানাইপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ভবনে তল্লাশি চালিয়ে তাজা কার্তুজ ও দেশীয় নিরাপত্তা সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধার হওয়া গোলাবারুদগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা ও পুলিশ বক্সে হামলা চালিয়ে লুট হওয়া অস্ত্রের অংশ।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।