ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে দাম্পত্য সম্পর্ক থেকে ছাড়িয়ে আনার পর প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে তাঁদের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে সুমন শেখের (৩২) বিয়ে হয়।
জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকে তার মেয়েকে স্বামী বিভিন্ন সময় নির্যাতন ও মারধর করতেন। তার অভিযোগ, সুমন নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই মেয়েকে মারধর করতেন। সম্প্রতি তালাকের মাধ্যমে মেয়েকে ওই সংসার থেকে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, মেয়েকে সংসার থেকে ছাড়িয়ে আনতে পারলে দুধ দিয়ে গোসল করবেন—এমন একটি কথা তিনি আগে দিয়েছিলেন। মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার পর শুক্রবার সকালে বাইখীর চৌরাস্তা বাজারে দুধ দিয়ে গোসল করে সেই কথা রেখেছেন।
মনিরার বাবা মহাশিন মোল্লাও তার মেয়েকে স্বামীর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে মারধর করা হতো। জামাই নেশা করতেন বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি অসহনীয় হয়ে পড়ায় মেয়েকে তালাকের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।
তবে মনিরার সাবেক স্বামী সুমন শেখ তার বিরুদ্ধে নেশা করা ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।