কিশোরগঞ্জে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন 

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে গুরুদয়াল সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক শেখ মো. রোকন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পিএইচডি গবেষক মো. জহিরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ এবং সেক্রেটারি আবু আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানটি শুধু নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন এবং বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইসলামী সংগীত, কাওয়ালি ও নাটিকার পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশ।