সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে দম্পতিসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়ায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া রোজিনা আক্তার (৩৫), তার স্বামী শরীফ হোসেন, রোজিনার ভাই রিয়াজ হোসেন (২২) এবং একই ভবনের আরেক ভাড়াটিয়া রনি মিয়া (১৯)। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

শরীফ হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার গড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। রিয়াজ হোসেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার কালামপুর এলাকার বসু মিয়ার ছেলে। রনি মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দগ্ধ চারজনকে উদ্ধার করেন। পরে তাদের ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেশী লতিফা বেগম জানান, রাতে বিকট শব্দ ও কান্নার আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। বিস্ফোরণের সময় পুরো ভবন কেঁপে ওঠে। পরে তিনি ও এলাকার অন্য বাসিন্দারা গিয়ে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করেন। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে চারজন দগ্ধ হয়েছেন বলে তিনি জানান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ চারজনকে ইনস্টিটিউটে আনার পর থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে। দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।