সোনারগাঁয়ের পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁয়ের দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।

সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রদূত প্রথমে তার প্রতিনিধি দল নিয়ে ঐতিহাসিক পানাম নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরবর্তীতে ৯টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লি পরিদর্শন করেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানি পল্লি ঘুরে জামদানি শিল্পীদের হাতে তৈরি শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সময় স্বল্পতার কারণে বড় সরদার বাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। পরবর্তীতে আবারো এখানে আসবেন বলে জানিয়েছেন।

পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, অল্প সময় মার্কিন রাষ্ট্রদূত পানাম নগরীতে অবস্থান করেন। তিনি তার পরিবার নিয়ে পানাম নগরী ঘুরতে আসেন। বলা যায়, এটা একটা পারিবারিক সফর। তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে পানাম নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

এসময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মার্কিন এম্বাসির ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমানওে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।