নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেল ব্যবসায়ী আল-আমিনের মালিকানাধীন ওই গোডাউনে অকটেন, ডিজেল ও পোড়া মবিলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল মজুত করে অন্যত্র বিক্রি করা হতো। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মীরন মিয়া বলেন, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গোডাউনের মালিক আল-আমিন পলাতক রয়েছেন বলে জানা গেছে।