গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় পাশের একটি বসতবাড়িতে থাকা ৮ মাস বয়সী এক শিশু দগ্ধ হয়। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। ফায়রি সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য সেখানে গেলেওসেরু রাস্তার কারণে অনেক দূরে গাড়ি রেখে আগুন নেভাতে হয়। এতে পানি সরবরাহে চরম বেগ পেতে হয় দমকল কর্মীদের।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি দোকান হলো- ইলিয়াস হোসেনের মুদিদোকান, মো. খোরশেদ আলমের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান এবং সুজনের বিডি ফুড ডিলারের দোকান।
স্থানীয়রা জানায়, রাত পৌণে ১২টার দিকে ইলিয়াস হোসেনের মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা। আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে- খাঁ-পাড়া রোডের সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। দূর থেকে পাইপ টেনে আগুন নেভানোর কাজ করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার পরপরই সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। তবে সরু রাস্তার কারণে গাড়ি সরাসরি পৌঁছাতে না পারায় কাজ শুরু করতে কিছুটা বেশি সময় লেগেছে।