পদ্মায় বড়শিতে ধরা পড়লো ১৮ কেজির বোয়াল

বড়শি দিয়ে প্রায় ১৮ কেজি ওজনের একটি বোয়াল শিকার করেছেন রাজু শিকদার নামের এক ব্যক্তি। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশোনা গ্রামের বাসিন্দা। নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন রাজু। 

রাজু জানান, সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় পদ্মায় তিনটি বড়শি ফেলেন। এ সময় তার একটি বড়শিতে প্রচণ্ড টান লাগে। পরে ছিপের হুইলে সুতা গুটিয়ে দেখতে পান বিশাল আকারের একটি বোয়াল মাছ। মাছটি তুলে বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে যান রাজু। সেখানে ওজন মেপে দেখা যায়, বোয়ালটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম। স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে বোয়ালটি ৪ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, রাজু শিকদারের কাছ থেকে বোয়াল মাছটি কিনে নিই। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি দেড়শ টাকা লাভ রেখে ফরিদপুরের এক আমেরিকা প্রবাসীর কাছে মোট ৭৩ হাজার ৪৫৫ টাকায় মাছটি বিক্রি করেছি।