কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাঁঠালতলা গ্রামের প্রদীপ বাবুর বাড়ির পাশের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি কটিয়াদী মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।