গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জেরে ২৬ কারখানা বন্ধ, ছুটি ৫টিতে

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলনের প্রভাবে মঙ্গলবারও ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি জানান, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের কারণে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, সকালে ভোগড়া এলাকার পাঁচটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

পুলিশ সুপার বলেন, সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তাঁরা সড়কের পাশে ও বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্প এলাকায় কোনো ধরনের হট্টগোলের খবর পাওয়া যায়নি।