গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়ে বিরল প্রজাতির মিঠাপানির একটি বাচ্চা ঘড়িয়াল বা মেছো কুমির। সোমবার (১৬ নভেম্বর) রাতে ভাটিয়াপাড়া এলাকার জেলে শিমুল বিশ্বাসের জালে ঘড়িয়ালের বাচ্চাটি ধরা পড়ে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বন বিভাগের কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক।
জেলে শিমুল বিশ্বাস জানান, প্রতিদিনের মতো তিনি ইলিশ মাছ ধরতে ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে জাল পাতেন। কিছুক্ষণ পর জাল টেনে তুললে দেখেন, মাছের সঙ্গে ঘড়িয়ালের বাচ্চাটিও আটকা পড়েছে। জালে ঘড়িয়াল ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। একনজর ঘড়িয়ালটি দেখতে সেখানে ভিড় করেন অনেকে। পরে ঘড়িয়ালের বাচ্চাটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা বন বিভাগের কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, ঘড়িয়াল (Gavialis gangeticus) আঞ্চলিকভাবে ছোট কুমির, মেছো কুমির বা বাইশাল নামে পরিচিত। সাধারণ কুমিরের তুলনায় এদের মুখ ও চোয়াল অনেক লম্বা এবং সরু হয়, যা মূলত নদী থেকে মাছ শিকারের জন্য উপযোগী। এরা মিঠাপানির প্রাণী এবং সাধারণ কুমিরের মতো হিংস্র নয়। মানুষের জন্য এরা বিপজ্জনক নয়। এদের প্রধান খাদ্য মাছ। তিনি আরও বলেন, ধরা পড়া ঘড়িয়ালটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেয়া হবে, যাতে এটি নিরাপদে জীবনযাপন করতে পারে।