পোড়া তেলে চানাচুর ভাজা, পাখির বিষ্ঠাযুক্ত অপরিচ্ছন্ন মেঝেতে তৈরি খাবার রাখা এবং মেঝেতে ছড়িয়ে পা দিয়ে মাড়িয়ে মসলা মেশানো—এমন ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশের সন্ধান মিলেছে বগুড়ার একটি চানাচুর কারখানায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় সাভার ফুড প্রোডাক্টসের ‘রকেট চানাচুর’ কারখানায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কারখানাটিতে উৎপাদিত চানাচুরের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া গেছে। খাবার ভাজার কাজে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। উৎপাদিত চানাচুর রাখা হচ্ছিল পাখির বিষ্ঠা ও ময়লা লেগে থাকা মেঝেতে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল খাবারে মসলা মেশানোর পদ্ধতি। স্বাস্থ্যসম্মত স্টেইনলেস স্টিলের ট্রে ব্যবহার না করে মেঝেতে চানাচুর ছড়িয়ে কর্মীদের পা দিয়ে মাড়িয়ে তাতে মসলা মেশাতে দেখা যায়। এ ছাড়া খাদ্য উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগও অভিযানে উঠে আসে।
কারখানাটিতে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ছিল না। পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও ঘাটতি পাওয়া যায়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চলা এ অভিযানে এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান।
এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী মো. আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে এসআরবি-১২ বগুড়ার একটি দল। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান জানান, ভবিষ্যতে যাতে প্রতিষ্ঠানটি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন করে, সে বিষয়ে মালিকপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
খাদ্যপণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে এমন অবহেলা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।