পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো দর্জির

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় দর্জি ছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদি এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাস্তা পার হওয়ার সময় গাজীপুর থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিশোরগঞ্জে পাঠানো হয়। তার মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।