ধামরাইয়ে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন 

ঢাকার ধামরাইয়ে এক স্থানীয় সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। শনিবার (১১ মে) বেলা ১১টার দিকে থানা স্ট্যান্ড ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় গণমাধমকর্মীরা।

জানা গেছে, গত ৮ মে উপজেলার নান্নার ইউনিয়নবাসি বেশি কর আদায়ের প্রতিবাদে পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করে। ওই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দৈনিক সমাচার পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম। এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা।

এরই জেরে সিরাজুল ইসলামকে মোবাইলে ফোন দিয়ে প্রাণ নাশের হুমকিসহ যেখানেই পাবে সেখানে পা ভেঙে নলি ছুটিয়ে ফেলার হুমকি দেন চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। এর পরিপ্রেক্ষিতে রাতেই সাধারণ ডায়েরি করেন সিরাজুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর পত্রিকার শামীম খান, দৈনিক আমাদের সময়ের মো. বাবুল হোসেন, আমাদের নতুন সময়ের আদনান হোসেন প্রমুখ। এসময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক সিরাজুলকে হুমকির ঘটনার আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর সঠিক বিচার চাই না পাইলে আগামীতে আরও বড় কর্মসূচি দিব।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ সাংবাদিকদের বলেন, আমরা জিডি (সাধারণ ডায়েরি) নিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।