হিন্দুদের জমি দখল করে দেশ ছাড়া করা আ.লীগ আজ দেশ ছাড়া: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনে, এমন ধরনের একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ওরা ( আওয়ামী লীগ) যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা জায়গায় জমি নিয়ে নিরাপত্তার সাথে বাস করতে পারেন । কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যত এলিট প্রোপার্টি জায়গা ওদের দখলে। গ্রামের মানুষদের ভয় দেখিয়ে তারা দখল করেছে। হিন্দুদের দেশ ছাড়া করেছে কারা? তারাই আজ দেশ ছাড়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনময়ে এসে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এখন পূজায় কেন পাহারা দিতে হবে? আজ থেকে ৩০ বছর আগে ২৫ বছর আগে তো এটি দিতে হয়নি। বরং যত পূজা ঘনিয়ে আসতো আমাদের যারা মুসলমান ছেলে মেয়েরা, স্কুল-কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি আমাদের  মধ্যেও একটি আনন্দের হিল্লোল পড়ে যেতো। বিএনপির আমলে কখনো এ ধরনের পরিস্থিতি হয়নি। আমাদের সংস্কৃতি এক। বিভাজন তৈরি করেছে পরাজিত শক্তি এবং তার দোসররা। কারণ তারা বিভাজন করে ক্ষমতায় থাকতে চায়। তারা অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়নি। যারা মনে করেছিল এই দেশটা তাদের নিজস্ব জমিদারি।

আওয়ামী লীগ দেশের টাকা পাঁচার করেছে অভিযোগ করে তিনি বলেন,  জনগণের নাম করে ১৮ লক্ষ ৩০হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণ তো জনকল্যাণের জন্য, এই ঋণ পুল কালভার্ট নির্মাণের জন্য, এই ঋণ কৃষি-শিল্প-স্বাস্থ্য উন্নয়নের জন্য। কিন্ত ১৭লাখ ৬০হাজার কোটি টাকা পাঁচার হয়ে গেছে। পাচার করেছে শেখ পরিবার, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, তার ভাই-ভাতিজারা। পাঁচার করেছে সামিট, অরিয়ন গ্রুপ। যারা সাবেক সরকারের খুবই ঘনিষ্ঠ। আজকে মানুষের পেটে ক্ষুধা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

পূজামণ্ডপ পরিদর্শনে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।