নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের কর্মীরা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে দুপক্ষের মধ্যে এলোপাতাড়ি গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদন মিয়া। আহতদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচজনকে ঢামেকে পাঠানো হয়েছে। বাকিরা নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (এসআই) নাসিম মিয়া বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’