সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে চালক নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন মো. মামুন হোসেন ও মোতালেব হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইশার আলীসহ তিনজন তিনটি গরু নিয়ে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে চলন্ত ভ্যানটির পেছনের চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।