বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো ভিক্ষুক নারীর

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে রুশিয়া বেগম (৫৫) নামে এক ভিক্ষুক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুশিয়া বেগম ডাকাতিয়া গ্রামের মৃত শওকত আলীর মেয়ে এবং একই গ্রামের ইয়ামিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দা আলী কদরের ছেলে রবিউল ইসলাম রুবেল তার মাছের বিল আলোকিত করার জন্য খুঁটিবিহীনভাবে মাটির ওপর দিয়ে বিদ্যুতের তার টেনে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার দুপুরে ভিক্ষা শেষে মাঠ থেকে খড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে রুশিয়া বেগম অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা ওই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রুশিয়া বেগম অত্যন্ত দরিদ্র ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দেড় বছর আগে ভবনগর সড়কে পাওয়ার টিলার দুর্ঘটনায় তার একমাত্র ছেলে মারা যায়। এরপর মেয়েকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

ঘটনার পর এলাকাবাসী বিল মালিক রবিউল ইসলাম রুবেলের গাফিলতিকেই দায়ী করছেন। এদিকে দুর্ঘটনার পর থেকেই রুবেল পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।