ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের ঘোনার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামরুল ইসলাম মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কামরুল ইসলাম মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের বাসিন্দা এবং সিরাজ ভুট্টোর ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের সর্বস্তরের মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।