ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া বটতলা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকপাড়া বটতলা এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় ওই বৃদ্ধের গায়ে একটি শার্ট এবং পরনে চেক লুঙ্গি ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত কালীগঞ্জ থানা অথবা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।