কালিগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকায় একটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন ) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, সকালে দলীয় নেতাকর্মীরা দুদলী বিএনপি কার্যালয়ে এসে ভবনের বিভিন্ন স্থানে আগুন লাগানোর চেষ্টার আলামত দেখতে পান তারা। পরে কার্যালয়ের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি জব্দ করে।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাবপত্র ও অন্যান্য মালামালের ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ঘটনাটি এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।