সাতক্ষীরায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার  শ্যামনগরে উপজেলার কদমতলা গ্রামে নুর ইসলাম (৪৫) নামে এক জেলের নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নদীর পাড়ে থাকা আরও এক ব্যক্তি।
 
শনিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
 
নিহত নূর হোসেন গাজী (৪০) দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।
 
​স্থানীয় সূত্র জানায়, দুপুরে নূর হোসেন গাজী নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
এদিকে, একই সময়ে নদীর পাড়ে অবস্থানকালে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন দক্ষিণ কদমতলা এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন (৪০)। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
 
এ ব্যাপারে শ্যামনগর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদুর রহমান জানান, জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। যেহেতু প্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাই পরিবার এবং সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।