সুন্দরবনের সংরক্ষিত এলাকায় বিষ প্রয়োগ করে অবৈধভাবে চিংড়ি শিকার করার সময় দুইজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিষযুক্ত চিংড়ি মাছ, একটি ডিঙ্গি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (২০ জুন ) বন বিভাগের সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে সরকারি জলযান নিয়ে স্টাফসহ খুলনা রেঞ্জের অধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সদস্যরা সুন্দরবনের ক/৩৬ এলাকার মান্দারবাড়ীয়া খালের সন্নিকটে ছোট নাগ জড়ো খালে অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিষ প্রয়োগ করে চিংড়ি শিকারের অভিযোগে আল আমিন (২৮), পিতা- রফিকুল মোড়ল এবং মাসুম বিল্লাহ (৩৫), পিতা- আব্দুল লতিফ মোল্লা, উভয় সাং- জোড়সিং, তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি অবৈধ ডিঙ্গি নৌকা, আনুমানিক ৬৫ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ, ভেসালী জালসহ নৌকায় থাকা অন্যান্য মালামাল জব্দ করা হয়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিষ দিয়ে মাছ শিকারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।