টানা বর্ষণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্দর এলাকার বিভিন্ন শেডে পানি ঢুকে আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
জানা গেছে, বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে হাঁটুপানি জমে বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য পানিতে তলিয়ে গেছে। এতে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগও তুলেছেন তারা।
আমদানিকারকদের প্রতিনিধি রফিকুল ইসলাম রাকিব বলেন, সামান্য বৃষ্টিতেই বেনাপোল বন্দর পানিতে তলিয়ে যায়। এতে আমদানিকৃত পণ্য ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসায়ীরা ডেমারেজসহ বিভিন্ন আর্থিক ক্ষতির শিকার হন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক আমদানিকারক বিকল্প বন্দর ব্যবহারে আগ্রহী হবেন, যা বেনাপোল বন্দরের জন্যও নেতিবাচক প্রভাব ফেলবে।
বন্দর এলাকায় জলাবদ্ধতার খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ এবং আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। এ সময় ভুক্তভোগীরা দ্রুত ক্ষতিপূরণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজী রতন বলেন, টানা বৃষ্টিতে কয়েকটি শেডে রাখা পণ্য ভিজে গেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা চলছে। তবে অবিরাম বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি থামলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।