শৈলকুপায় জুয়েলারি দোকানে ৩০ ভরি রূপা লুট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে দোকানের শাটারের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র স্বর্ণালংকার ও প্রায় ৩০ ভরি রূপা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (১৯জুলাই) সকালে দোকানের মালিক বিষ্ণু বিশ্বাস দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে তিনি শৈলকুপা থানায় খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় চোরচক্র দোকানের শাটারের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা স্বর্ণের গহনা ও প্রায় ৩০ ভরি রূপা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।