নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত মো. মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে নিজ বাড়ি চর-জয়নগর ফিরছিলেন। এসময় তিনি পানিপাড়া এলাকার কামরুল ঠাকুকের বাড়ির সামনে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ মনি মিয়ার উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে ওই রাতেই ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
নড়াগাতী থানার অফিসার ইন চার্জ(ওসি) আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।