মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দেওয়ায় ওই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সামন্তা সীমান্তের ৫৫/এমপি সীমান্ত পিলার সংলগ্ন গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সিঙ্গামোড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি বিজিবির সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ওই উদ্যোগে বাধা দেন।

বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিষয়টি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।