মহেশপুরে অগ্নিকাণ্ডে সাত দোকান ও ট্রাক পুড়ে ছাই

ঝিনাইদহের মহেশপুরের কলেজ বাসস্ট্যান্ড পৌর মার্কেটে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। 

মঙ্গলবার (২৮ জুলাই) রাত তিনটার দিকে এ অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি,অগ্নিকান্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে রাতের আঁধারে নিজেদের সম্বল ও অর্জিত স্বপ্নের এভাবে ছাই হয়ে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। হঠাৎ এই দুর্ঘটনায় ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

জে কে ট্রান্সপোর্টের মালিক কাদের জানান, বহু বছরের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন তার একামাত্র আয়ের পথ ছিলো এই প্রতিষ্টানটি সেটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  

বর্নিক সমিতির সভাপতি মমিন খান বলেন, রাতের আধাঁরে ৭টি দোকান পুড়ে যাওয়ায় ৭জন ব্যবসায়ীরা পথে বসে গেলো। তিনি আরও বলেন দোকানগুলো এমন ভাবে পুড়েছে যে সেখান থেকে কোন কিছু নিয়ে কোন কাজে লাগানোর মত নেই।

খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রততম সময়ে সরকারি সহায়তার আশ্বাস প্রকাশ করেন।