চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুর পিয়ারাতলা এলাকায় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় ক্লিনিং পণ্য তৈরি ও বাজারজাত করায় হেনা কনজুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্ত্বাধিকারী মাসুদ রানার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, যথাযথভাবে লাইসেন্স না করে ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী যেমন হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় সামগ্রী তৈরি ও বাজারজাত করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুসারে হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্ত্বাধিকারী মাসুদ রানাকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়। সেই সঙ্গে অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশনা দেয়া হয়।