আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে ওই দিন ধনঞ্জয়পুর গ্রামে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঝিনাইদহ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।