নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় সূর্য দাস (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস উপজেলার কোড় গ্রামের সুমন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে অটোভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় সূর্য দাস নামের ওই শিশুটি অটোভ্যানের নিচে চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার বিষয়ে অবগত আছেন। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।