ভ্যান থেকে ছিটকে ট্রাকের নিচে, প্রাণ গেলো যুবকের

সাতক্ষীরার কালিগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আবু রায়হান (৩০) নামের এক ভ্যানযাত্রী যুবক নিহত হয়েছেন।

​শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কালিগঞ্জ উপজেলার মোমরেজপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত আবু রায়হান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাইদখালী গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আবু রায়হান একটি ইঞ্জিনভ্যানে চড়ে কালিগঞ্জ থেকে নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোমরেজপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে তিনি হঠাৎ ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি।