নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় মাত্র এক মাসের মধ্যে ঘোষণা করেছেন আদালত। মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ ও হত্যা করেন প্রতিবেশী রবিউল শিকদার রবি। ঘটনার পরদিন ২১ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলা দায়েরের দিন সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
মামলার তদন্ত শেষে দ্রুততার সঙ্গে ৪ আগস্ট রবিউল শিকদারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু। এরপর আদালতে বিচারিক কার্যক্রম শুরু হয়। ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হলে আদালত ১৯ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন।
বুধবার সকালে পুলিশি পাহারায় রবিউলকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিহত শিশুর স্বজন, স্থানীয় সচেতন নাগরিক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।
শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যার ঘটনার মাত্র এক মাসের মধ্যেই মামলার বিচারিক কার্যক্রম শেষ করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা ও একই সঙ্গে আসামিকে ৩ লাখ টাকা জরিমানা করার জন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত শিশুর স্বজন ও স্থানীয় সচেতন নাগরিকরা আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।