সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।
স্থানীয়রা জানান, ওই দিন রফিকুল ইসলাম নিজ বসতবাড়ি সংলগ্ন মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরে পানি সেচের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন কালিগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।