কলকাতার হোটেলে আগুন

দেশে ফিরল সাজুর মরদেহ, কলকাতায় রেবতীর শেষকৃত্য

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। 

শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছায়।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব বালা জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে সাজুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার। তার শেষকৃত্য কলকাতাতেই সম্পন্ন হয়েছে।

রেবতীর দুই সন্তান ভারতে অবস্থান করায় শুক্রবার কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় রেবতীর স্বামীও উপস্থিত ছিলেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তার দেবর তপন সরকার।

নিহত সাজুর বড় ভাই সাহেব সরদার বলেন, ভোমরা স্থলবন্দর থেকে মরদেহ গ্রহণ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আসরের নামাজের পর সাজুর দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে শনিবার দুপুরে কালীগঞ্জের বরেয়া গ্রামে সাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্বজনেরা মরদেহের অপেক্ষায় ছিলেন। বাড়ির পাশে কবর খনন করে রাখা হয়েছে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পরই দাফনের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাজুর মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়। চিকিৎসা শেষে শনিবার দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত মরদেহ হয়ে দেশে ফিরলেন তিনি।

একই ঘটনায় দুই স্বজনকে হারিয়ে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।