বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোপাল মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।
র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে গোপাল সরকারকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার গোপাল সরকারের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গাঁজাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।