ভারতে কারাভোগ শেষে দুই শিশুসহ ফিরলেন ৯ বাংলাদেশি

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দুই শিশুসহ নয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন,মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মণ্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচাড়। তাদের বাড়ি নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, কাজের আশায় দালালদের প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও কৃষিখামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেন।

সাজা শেষ হওয়ার পর বেসরকারি মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায় কারাগার থেকে মুক্তি পান তারা। এরপর সংস্থাটির শেল্টার হোমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরত পাঠানো হয়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অবৈধভাবে বিদেশে গিয়ে আইনি জটিলতা ও নানা ঝুঁকিতে না পড়তে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে নয় বাংলাদেশিকে বেনাপোলে পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।