শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই পক্ষের অন্তত ২৫ থেকে ৩০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দলিলপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুটি সামাজিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। এক পক্ষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম এবং অন্য পক্ষ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান দীপুর সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয়দের ভাষ্য, সকালে দীপু সমর্থক রতন শেখ মাঠে ধানখেতে সার দিতে গেলে জামিরুল সমর্থকদের সঙ্গে তার বিরোধ বাধে। একপর্যায়ে তার ওপর হামলা হলে তিনি আহত হন। পরে এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হন। এরপর ঢাল-সরকি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বাড়িঘরেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। দীপু সমর্থক রতন শেখ, হাবিব শেখ, নায়েব আলী, স্বপন শেখ ও শহীদ শেখের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে জামিরুল সমর্থক আইয়ুব শেখ, আতিয়ার রহমান, আবু বক্কর শেখ, আকুল শেখ, বকুল শেখ ও মনোয়ার হোসেনের বাড়িতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।