কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট

সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় অভিযানের অংশ হিসেবে খুলনার কয়রা থেকে উদ্ধার করা ১৪৫ কেজি হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করেছে বন বিভাগ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উদ্ধার করা মাংস কয়রা উপজেলা আদালত চত্বরে নেওয়া হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তা মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

বন বিভাগ জানায়, শনিবার নলিয়ান ফরেস্ট রেঞ্জের রেঞ্জার আল আমিন ইসলামের নেতৃত্বে হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ বনকর্মীরা বোতলখালী খাল এলাকায় অভিযান চালান। এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৪৫ কেজি হরিণের মাংস, একটি ডিঙি নৌকা, হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

হড্ডা টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নলিয়ান স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার আল আমিন ইসলাম বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী নিধন ও অবৈধ পাচার ঠেকাতে বন বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে। বনের সম্পদ রক্ষা এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।