‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে সাক্ষরতার আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।