নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলাম শেখ (৫০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর বেলা ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।