সাতক্ষীরার আশাশুনিতে পটকা মাছের তরকারি খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী, মা ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে আজহারুল ইসলাম সকালে স্থানীয় বাজার থেকে কাটা মাছ কিনে বাড়িতে পাঠান। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছের তরকারি দিয়ে খাবার খান। কিছুক্ষণ পরই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজন ও স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে আজহারুল ইসলামের মৃত্যু হয়।
অসুস্থরা হলেন আজহারুল ইসলামের স্ত্রী ময়না বেগম, মেয়ে সোনালী (১১), ছেলে রমিম (৭) ও মা রাশিদা বেগম (৬৫)। তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলাদার বলেন, পটকা মাছে মারাত্মক বিষাক্ত পদার্থ থাকতে পারে। এ মাছ খেলে বিষক্রিয়ায় প্রাণহানির ঝুঁকি রয়েছে। এ কারণে পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকতে মানুষকে নিয়মিত সচেতন করা হয়। তবে বড়দলের ঘটনাটি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানেন না।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।