মহেশপুরে নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

​ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনিছুর রহমান উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজখেতের পাশে কুঁড়েঘরে ওই নারীকে ধর্ষণ করা হয়। ​এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে  জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।